নয়াদিল্লির হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন, আশঙ্কাজনক ২
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নুরুল আমিন সোহাগ (৪৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
এই ঘটনায় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট বোন ও ভগ্নিপতির চিকিৎসার উদ্দেশ্যে তাদের সঙ্গী হয়ে ভারতে গিয়েছিলেন নুরুল আমিন। তারা নয়াদিল্লির মালভিয়া নগরের একটি পাঁচতলা আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। গত বুধবার সকালে হঠাৎ ওই হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী জানান, আগুনের ঘটনায় তারা তিনজনই গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নুরুল আমিন সোহাগের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, গত বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট আটজন বাংলাদেশি আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে নুরুল আমিনের মৃত্যু হয়েছে। হাইকমিশন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Comments