তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর এবার নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
ইন্ডিয়া টুডে ও ফিল্মফেয়ারসহ ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আমির ও গৌরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
৬১ বছর বয়সী আমির খান এবং ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটের এই বিয়েটি কোনো জমকালো তারকা খচিত অনুষ্ঠান হচ্ছে না। জানা গেছে, কোনো বড় ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় (রেজিস্ট্রেশনের মাধ্যমে) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। আমির খানের নিজস্ব বাসভবনেই বসবে এই বিয়ের আসর। অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া রাখতে চান এই দম্পতি। তবে বলিউড পাড়ায় গুঞ্জন রয়েছে, সিডিউল ঠিক থাকলে আমিরের দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং সালমান খান এই ঘরোয়া আয়োজনে উপস্থিত থাকতে পারেন।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আমির ও গৌরী গত এক বছরেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে থাকছেন। তারা দুজনেই এখন জীবনে একটি স্থিতিশীল অবস্থানে আছেন। নিজেদের এই সুন্দর বোঝাপড়াকে সম্মান জানাতেই তারা পরিবারকে সঙ্গে নিয়ে এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন।
কে এই গৌরী স্প্র্যাট?
২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে নিয়ে আসেন আমির খান। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং বর্তমানে মুম্বাইয়ের একটি নামী চেইন সেলুন পরিচালনা করছেন। আমিরের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
পারিবারিকভাবেও গৌরীর একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে দেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এছাড়া আগের সংসারে গৌরীর কুইন নামের ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গৌরীকে নিয়ে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, 'আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর মতো একজন ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। ওর সান্নিধ্য আমার জীবনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছে। রীনা ও কিরণের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল, যা শেষ পর্যন্ত টেকেনি। তবে এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা এক বড় আশীর্বাদ।'
বলিউডে আমির খানের সম্পর্কগুলোর গভীরতা ও বিচ্ছেদের পর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সবসময়ই প্রশংসিত হয়েছে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০০২ সালে। তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৫ বছর পর ২০২১ সালে তারা যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের আজাদ রাও খান নামের একটি পুত্রসন্তান রয়েছে।
বিচ্ছেদ হলেও দুই সাবেক স্ত্রীর সঙ্গেই আমিরের পারিবারিক ও পেশাগত চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। বলিউড মহলের ধারণা, আমিরের এই নতুন জীবনের শুরুতেও দুই সাবেক স্ত্রীর শুভকামনা ও উপস্থিতি বজায় থাকবে।
Comments