চট্টগ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। পরে সকাল ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে জমিয়তুল ফালাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। একইসঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের সুখ-শান্তি, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং জাতির ঐক্য ও সম্প্রীতির জন্য দোয়া করা হয়।
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাতে মুসল্লিদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ, কার্পেটিং, ত্রিপল, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে বিকল্পভাবে মসজিদের ভেতরেও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছিল।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।
ঈদ জামাত শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে ধারণ করে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Comments