রাজসিক সংবর্ধনায় বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা ভাইরাল মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে রাজসিক সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির নতুন ক্রেতা সেটিকে খামার থেকে নিতে এলে এক জমকালো লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে পশুটিকে বিদায় জানানো হয়।
ব্যতিক্রমী এই বিদায় আয়োজনকে কেন্দ্র করে দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খামারিরা প্রথমে এলভিনো জাতের এই মহিষটিকে পরম যত্নে গোসল করিয়ে বিদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন।
পরবর্তীতে সেটিকে রাজকীয় পোশাক পরিয়ে এবং হরেক রঙের স্মোক উডিয়ে লাল গালিচায় হাঁটিয়ে গাড়িতে তোলা হয়। এ সময় খামারের মালিকপক্ষ ও উপস্থিত সাধারণ মানুষ প্রিয় পশুটিকে বিদায় দিতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।
খামার সূত্রে জানা গেছে, বিরল এলভিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের গড়ন দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়বের মতো। এই অদ্ভুত মিল থাকার কারণেই ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম রেখেছিলেন 'ডোনাল্ড ট্রাম্প'।
বিশাল আকৃতির ও প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির পশুর হাট জমার আগেই প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে নিয়েছিলেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। তবে বিক্রির পর হঠাৎ করেই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ খামারে ভিড় জমাতেন।
পশুটির লালন-পালনকারী ও রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে এভাবে বিদায় জানাতে বেশ কষ্ট হচ্ছে। তবে কোরবানির মূল উদ্দেশ্যই যেহেতু ত্যাগের মহিমা, তাই হাসিমুখে এটিকে বিদায় দিতে হচ্ছে।
অন্য দিকে, মহিষটির ক্রেতা জিনজিরার বাসিন্দা সামির জানান, তিনি অনেক আগেই মহিষটি সাধারণ নিয়মেই ক্রয় করেছিলেন। পরে হঠাৎ করেই এটি বিশ্বজুড়ে ভাইরাল হওয়ার খবর পান। বর্তমানে জিনজিরা এলাকায় মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে একনজর দেখার জন্য স্থানীয় বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে তিনি জানান।
Comments