যমুনা সেতুতে একদিনে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ
কোরবানি ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেমেছে যানবাহনের ঢল। স্বাভাবিকের তুলনায় কয়েক দিন ধরেই এ মহাসড়কে দুই থেকে তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। ফলে উত্তরবঙ্গের রংপুরসহ রাজশাহী ও খুলনা বিভাগের অন্তত ২৬ জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।
উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত টাঙ্গাইলের যমুনা সেতুর উপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা। রিয়াজ উদ্দিন আরও জানান, ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও যানবাহন স্বাভাবিক গতিতেই সেতু পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেলের জন্য ৪টি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার পর্যন্ত আরও চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Comments