শিক্ষা উন্নয়নে অবদান, আনোয়ারায় শ্রেষ্ঠ শিক্ষক উজ্জ্বল কান্তি দাশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পরৈকোড়া চারুশীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কান্তি দাশ।
তিনি প্রায় ২৩ বছর ধরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে ১৮ বছর বর্তমান প্রতিষ্ঠানে এবং পূর্বে পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর শিক্ষকতা করেন। তার যোগদানের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানা গেছে।
উজ্জ্বল কান্তি দাশের উদ্যোগে টিনশেড বিদ্যালয়টি বর্তমানে একটি আধুনিক সাইক্লোন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এছাড়া তিনি শারীরিক শিক্ষা বিষয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে সফলতা অর্জন করেছেন।
শিক্ষাদানে তিনি ইংরেজি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে সকল শ্রেণিতে পাঠদান করে আসছেন। পাশাপাশি পরীক্ষক ও নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয়টি তার প্রচেষ্টায় দ্রুত পুনর্নির্মাণের মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশে রূপ নেয়।
তিনি একজন সময়নিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষক হিসেবে পরিচিত। নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি, পরিকল্পিত পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব আচরণ তাঁকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তার ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।
Comments