দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী আন্দোলন তীব্র হচ্ছে
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা ও অভিবাসীবিরোধী আন্দোলন বেড়েছে। বিশেষ করে জিম্বাবুয়েসহ আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা ভয়ভীতি, উচ্ছেদ, বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। 'মার্চ অ্যান্ড মার্চ' ও 'দুদুলা অপারেশনস মুভমেন্ট'সহ বিভিন্ন গোষ্ঠী নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও দক্ষিণ আফ্রিকার অধিকার সংগঠনগুলো জানিয়েছে, অভিবাসীরা কর্মক্ষেত্রে বৈষম্য, পুলিশের হয়রানি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া এবং শারীরিক হামলার মুখে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের ৩০ জুনের মধ্যে দেশ ছাড়ার হুমকিও ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও জনঅসন্তোষের সুযোগ নিয়ে এসব আন্দোলন জনপ্রিয়তা পাচ্ছে। অনেক রাজনৈতিক দল অভিবাসীদের কর্মসংস্থান ও সরকারি সুযোগ-সুবিধার প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দক্ষিণ আফ্রিকা সরকার আইনশৃঙ্খলা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও অভিবাসন আইন আরও কঠোর করার কথা জানিয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতাকে বেআইনি বলেছেন। অন্যদিকে অভিবাসীবিরোধী গোষ্ঠীগুলো দাবি করছে, নথিপত্রবিহীন অভিবাসন দেশটির অর্থনীতি ও জনসেবার ওপর চাপ সৃষ্টি করছে।
জাতিসংঘ, আফ্রিকান মানবাধিকার কমিশন ও এইচআরডব্লিউ দক্ষিণ আফ্রিকায় বাড়তে থাকা জেনোফোবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিবাসীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
Comments