হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন নিহত
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকির কাছে এক বন্দুকধারী গুলিবর্ষণ করেছে। পরবর্তীতে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের পাল্টা গুলিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়।
এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন, তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিক্রেট সার্ভিসের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু পরে ১৭ নম্বর স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে যায় ওই সন্দেহভাজন ব্যক্তি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সে তার ব্যাগে অস্ত্র লুকিয়ে এনেছিল। চেকপয়েন্টের কাছাকাছি পৌঁছেই সে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
হামলার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা পাল্টা গুলি চালান। এতে বন্দুকধারী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নিকটবর্তী জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউজ এলাকায় জরুরি 'লকডাউন' জারি করা হয়। তবে সিক্রেট সার্ভিসের কোনো কর্মী এই ঘটনায় আহত হননি।
গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পুলিশের পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানান, হোয়াইট হাউজের নর্থ লন থেকে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সে সময় সেখানে কর্মরত সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ন্যাশনাল গার্ডের সদস্যরা পুরো এলাকা কর্ডন করে ফেলে।
প্রতিবেদনে আরো জানা গেছে, নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি একটি 'স্টে-অ্যাওয়ে অর্ডার' (নির্দিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা) জারি করা হয়েছিল, যা অমান্য করেই সে হোয়াইট হাউজ এলাকায় প্রবেশ করে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল নিশ্চিত করেছেন যে, তার সংস্থা ঘটনার তদন্তে সিক্রেট সার্ভিসকে পূর্ণ সহযোগিতা করছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন এবং হাউস মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টাতেও প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে কাজ করছিলেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান চলাকালীন ট্রাম্পকে হত্যাচেষ্টার পর এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তার নিরাপত্তার ওপর দ্বিতীয় বড় আঘাত।
Comments