শিশুদের যৌন হেনস্তার অভিযোগে মহিপুরে ইমামকে গণপিটুনি, পুলিশের হেফাজতে
পটুয়াখালীর মহিপুরে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮) এর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়।
মহিপুর থানার ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক অভিভাবকের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া গ্রামের একটি মসজিদে প্রতিদিন সকালে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসত। অভিযোগ রয়েছে, ইমাম দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন।
ঘটনার শিকার হওয়া শিশুদের পরিবারের মধ্যে এসব ঘটনা জানাজানি হলে তারাও সুযোগের অপেক্ষায় ছিলেন। সবশেষ শনিবার সকালে তারা অভিযুক্ত ইমামকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, অভিযুক্ত মোঃ বেল্লাল হোসেনের অভিযোগের বিষয় জানতে চাইলে তিনটি শিশুর সাথে বিভিন্ন সময় যৌন হেনস্তার
কথা স্বীকার করেন। তবে স্থানীয়রা বলেন এ যাবত অন্তত পাঁচটি শিশুকে যৌন হেনস্তা করেছে।
মহিপুর থানার ওসি মো. শামীম জানান, অভিযুক্ত ইমাম বেল্লাল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments