দিল্লিতে ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সুব্রত শুভ
যুব নেতৃত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক যুব সম্পৃক্ততায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শিক্ষার্থী ও যুবনেতা সুব্রত দেব শুভ 'National Youth Leadership Award 2026' অর্জন করেছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত National Youth Leadership Programme 2026-এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে NITI Aayog, MY Bharat, Projects Point Odisha, Vishwa Yuvak Kendra এবং ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে ভারতের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, যুব উন্নয়নকর্মী এবং আন্তর্জাতিক অতিথিদের পাশাপাশি ভারতের জন্য নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারও উপস্থিত ছিলেন।
সুব্রত দেব শুভ সম্প্রতি University of Delhi থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছেন।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক যুব সম্মেলন, নীতি সংলাপ এবং উন্নয়নমূলক প্ল্যাটফর্মে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে United Nations Economic and Social Council সংশ্লিষ্ট যুব কার্যক্রম, আন্তর্জাতিক সংলাপ এবং টেকসই উন্নয়নভিত্তিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।
সুব্রত দেব শুভের প্রতিষ্ঠিত যুবভিত্তিক থিংক ট্যাংক 'The Diplomatic Standard' ইতোমধ্যে যুব কূটনীতি, জননীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নেতৃত্ব বিকাশ এবং SDG বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক নাগরিকত্বের চর্চা প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় সুব্রত দেব শুভ বলেন, 'এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমি ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি'।
আয়োজকরা জানান, যুব নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, SDG বাস্তবায়ন, আন্তর্জাতিক যুব সম্পৃক্ততা এবং বাংলাদেশ-ভারত যুব সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সুব্রত দেব শুভকে National Youth Leadership Award 2026 প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, স্বেচ্ছাসেবা এবং সামাজিক পরিবর্তনের কাজে আরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।
Comments