নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন ও সাংগঠনিক কাজে কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন, স্থানীয় একটি খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দিতে আগামীকাল শনিবার (২৩ মে, ২০২৬) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের বিস্তারিত সময়সূচি
সকাল ৯টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২ টায় ত্রিশালের বালর ইউনিয়নের কানহর এলাকায় অবস্থিত 'ধরার খাল' পুনঃখনন অনুষ্ঠানের ফলক উন্মোচন করবেন এবং খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুর ২ টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ ও কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় কবির স্মৃতিবিজড়িত নজরুল একাডেমি মাঠের 'নজরুল মঞ্চে' আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন। প্রায় দুই দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। সন্ধ্যা ৬টায় সাংগঠনিক সভা শেষে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ত্যাগ করবেন।
দীর্ঘদিন পর ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন এবং জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানস্থল, কবির স্মৃতিবিজড়িত স্থানসমূহ এবং আশপাশের সড়কগুলো নান্দনিকভাবে সংস্কার ও সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Comments