শিশু নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয়, নৈতিক অবক্ষয়ের প্রতিফলন: মির্জা ফখরুল
দেশে চলমান ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে বিএনপির মহাসচিব লেখেন, "ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।"
অপরাধ দমনে কেবল আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, "শুধু আইন বা সরকারের উদ্যোগই এই অপরাধ দমনে যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। এই লড়াইয়ে পরিবার, বিদ্যালয়, মাদরাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।"
ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক শিক্ষায় বড় করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, "আমাদের ছেলেমেয়েদের পারস্পরিক সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার অর্থই হলো বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে আমরা সবাই একসঙ্গে শামিল হই।"
Comments