আজ শেষ ফ্লাইট, এ পর্যন্ত ৭৩ হাজার হজযাত্রী সৌদি আরবে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তিনটি বিমান সংস্থার মোট ১৮৯টি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার (২১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, আজই চলতি বছরের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত পরিচালিত ১৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৫টি, সৌদি এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। হজযাত্রীদের যাত্রা ও হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনা ও সার্বিক সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
Comments