দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ
গৌরবের সঙ্গে পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে দৈনিক বাণিজ্য প্রতিদিন। 'নির্ভরতায় আগামীর যাত্রা' প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন হয়েছে পত্রিকাটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (২০ মে) সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক গিয়াস উদ্দিন। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং সারাদেশ থেকে আসা অতিথি ও প্রতিনিধিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিস্তারের মধ্যেও একটি বিশেষায়িত প্রিন্ট গণমাধ্যমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাণিজ্য প্রতিদিন ইতোমধ্যে পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। সাহসী উদ্যোগ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে বাণিজ্য প্রতিদিন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাণিজ্য প্রতিদিনকে একটি আদর্শ গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রতিনিধি ও সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন পত্রিকাটির সম্পাদক গিয়াস উদ্দিন। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাংবাদিকতার নীতি- নৈতিকতার বিষয়ে তিনি বলেন, 'আমরা কখনো কারও পক্ষ নিয়ে সংবাদ করিনি, ভবিষ্যতেও করব না। সত্য ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকেই কাজ করে যেতে চাই'।
অর্থসূচক পত্রিকার সম্পাদক জিয়াউর রহমান বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও বাণিজ্য প্রতিদিন সফলভাবে পাঁচ বছর অতিক্রম করেছে, যা প্রতিষ্ঠানটির শক্ত অবস্থানের প্রমাণ।
এছাড়াও তিনি বলেন, নতুন সাংবাদিকদের প্রশিক্ষণ ও হাতে-কলমে কাজ শেখানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দক্ষ জনবল তৈরি করেছে। আগামী দিনে পত্রিকাটি অর্থনীতি ও সাংবাদিকতায় আরও বড় অবদান রাখবে।
পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক কাজী সাজেদুর রহমান বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মূল শক্তি তার কর্মীরা। সাংবাদিকদের মেধা, সততা, দূরদৃষ্টি ও দেশপ্রেমের সমন্বয়ে একটি সংবাদপত্র এগিয়ে যায়। পরিশ্রমের সঙ্গে ভালো লাগা ও দায়বদ্ধতা থাকলে সেই কাজের প্রতিফলন পাঠকের কাছেও পৌঁছে যায়।
এ সময় তিনি বাণিজ্য প্রতিদিন পরিবারের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমের আধিপত্যের মধ্যে প্রিন্ট মিডিয়া পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে যারা সাহস ও দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তারাই সফল হন।
তিনি বলেন, পত্রিকাটির সম্পাদক গিয়াসউদ্দিনের মেধা, ধৈর্য ও সাহসিকতা পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এছাড়া ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বর্তমান বাস্তবতায় একটি বিশেষায়িত ব্যবসাভিত্তিক পত্রিকা প্রতিষ্ঠা ও ধারাবাহিকভাবে পরিচালনা করা অত্যন্ত সাহসী উদ্যোগ।
তিনি বলেন, অধিকাংশ সাংবাদিকই চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। এমন পরিস্থিতিতে গিয়াসউদ্দিন ও তার সহযাত্রীরা যে সাহসিকতার সঙ্গে একটি বিজনেস পত্রিকা প্রতিষ্ঠা করেছেন এবং পাঁচ বছর ধরে সফলভাবে পরিচালনা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, 'পলিসি থিংক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার' এর চেয়ারম্যান অর্থনীতিবিদ মো. মাজেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি রাশেদুল ইসলান এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Comments