জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন এবং ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য এই প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে থাকেন।
Comments