চট্টগ্রামে চাকরি প্রার্থীদের সঙ্গে ৩৯ প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ
চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে তরুণ চাকরিপ্রার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরি করতে দিনব্যাপী 'ক্যারিয়ার এক্সপো' আয়োজন করেছে ব্রাক-এর ক্যারিয়ার হাব। বুধবার (২০ মে) অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন খাতের ৩৯ টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
আয়োজকদের তথ্য মতে, প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থী মেলায় নিবন্ধন করেন। এক্সপোতে অংশগ্রহণ কারীরা ওয়াক-ইন ইন্টারভিউ, সিভি রিভিউ এবং পেশাদার ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ পান। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি চাকরির বাজার ও দক্ষতার চাহিদা সম্পর্কে ধারণা নেন তারা।
আয়োজকরা জানান, যুব বেকারত্ব হ্রাস এবং দক্ষ জনশক্তির সঙ্গে কর্মসংস্থানের কার্যকর সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। বর্তমানে দেশে যুব বেকারত্বের হার ৮ শতাংশ, যা জাতীয় গড় ৩ দশমিক ৬ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৭ শতাংশ শিক্ষার্থী চাকরি খোঁজার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পান না।
অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য দেন ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক।
তিনি বলেন, 'আমাদের প্রথাগত শিক্ষার ধারা থেকে বের হয়ে আসতে হবে। শুধু যারা পড়াশোনায় দুর্বল তারাই স্কিলভিত্তিক কাজে যুক্ত হবে, এই ধারণা বদলাতে হবে।'
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার। তিনি বলেন, 'দেশের বিশাল যুবসমাজকে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান ও সঠিক ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে প্রস্তুত করতে পারলে তা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
পরে মেলা পরিদর্শনে আসেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, 'বর্তমানে কমিউনিকেশন স্কিল সব ধরনের চাকরির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যে পেশাতেই যাই না কেন, এ দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।'
Comments