ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার, ভাবছে ইরান
ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম (পুরস্কার) নির্ধারণের বিষয়ে আলোচনা করছে। গত ফেব্রুয়ারিতে ইরানে ওই দুই দেশের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ঘটনার পর মার্কিন ও ইসরায়েলি নেতাদের হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাসের তোড়জোড় চলছে ইরানের পার্লামেন্টে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, তাঁর কমিশন 'ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ' শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। এটি পাস হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যেকোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ৫ কোটি ইউরো (প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ড বা ৫ কোটি ৮২ লাখ ডলার) পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৭১৪ কোটি টাকা।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-এর বরাত দিয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব হস্তান্তর করেছে। তবে ওই সূত্র উল্লেখ করেছে, তেহরানের এ নতুন প্রস্তাব তাদের আগের অবস্থানের চেয়ে খুব একটা উন্নত বা তাৎপর্যপূর্ণ কিছু নয়।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, 'আমরা আসলে খুব একটা অগ্রগতি করতে পারছি না। আজ আমরা অত্যন্ত জটিল এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। এখন সঠিক উপায়ে ইতিবাচক সাড়া দেওয়ার সব চাপ ইরানের ওপরই রয়েছে।'
এই কর্মকর্তা আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে একটি আলোচনা দেখতে চায়। যদি তা না হয়, তবে আমাদের বোমার মাধ্যমে কথা বলতে হবে, যা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।'
Comments