ফায়ার সার্ভিসের আধুনিকায়নে লোকবল ও স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা দ্রুত মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক, শক্তিশালী এবং যুগোপযোগী করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এজন্য এই সংস্থায় ব্যাপক জনবল বৃদ্ধি এবং নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত 'মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ড'-এ আয়োজিত 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬', পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান অগ্নিনিরাপত্তা অবকাঠামোর চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বর্তমানে দেশজুড়ে ৫৩৮টি ফায়ার স্টেশন চালু রয়েছে, যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও শিল্পায়নের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। সেবাকে সাধারণ জনগণের একদম দোরগোড়ায় পৌঁছে দিতে আরও নতুন স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় জনবল বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক 'ট্রেনিং একাডেমি' নির্মাণসহ প্রায় ২০টি বড় উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ড ও বিভিন্ন উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হওয়া ফায়ার সার্ভিসের ৫২ জন বীর সদস্যের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
Comments