হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং বাকি ২ জনের মৃত্যু যে হামের কারণেই হয়েছে— তা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি মৌসুম পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ল্যাব টেস্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় ৭৭ জনের নিশ্চিত হামে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর ভৌগোলিক পরিসংখ্যান নিচে দেওয়া হলো: ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন করে শিশু মারা গেছে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ১ জন করে শিশু মারা গেছে।
জেলাভিত্তিক হিসাবে দেখা গেছে, গত একদিনে ঢাকা ও মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি ২ জন করে শিশু প্রাণ হারিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে গত একদিনে চূড়ান্তভাবে ৭৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন শিশু। চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে অভিভাবকদের শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
Comments