অপরাজনীতি নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন: এ্যানি
ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের 'অপরাজনীতি' না করে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "যারা অতীতে ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। এই ইতিহাস থেকে বর্তমানের সকল ছাত্রনেতৃত্ব ও কর্মীদের শিক্ষা নেওয়া উচিত।" ছাত্ররাজনীতি যেন কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের জন্য নিপীড়নের কারণ না হয়, সেদিকে সতর্ক থাকার ইঙ্গিত দেন তিনি।
নিজের মন্ত্রণালয়ের কাজের প্রসঙ্গে টেনে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, দেশে অতীতে বিভিন্ন সময়ে খাল খনন ও তা নিয়মিত রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা বজায় না থাকায় বর্তমানে নদী-খাল দখল এবং বর্জ্যের সমস্যা মারাত্মকভাবে বেড়েছে। এই পরিবেশগত বিপর্যয় রোধে টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
Comments