ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
ফরিদপুর জেলা কারাগারে বন্দি শাহ আলম (৪৮) নামের এক হাজতি ফরিদপুর মেডিকেলের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার (১৭ মে) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক আইনের একটি মামলায় অভিযুক্ত হয়ে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন শাহ আলম। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, চারদিন ধরে তিনি তীব্র পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিক অবস্থায় তাকে কারাগারের অভ্যন্তরেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে রোববার রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, মাদক মামলার আসামি শাহ্ আলম দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, এই মৃত্যুর ঘটনায় কারাগারের জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের কাজ শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments