বিকালে বেড়াতে এলেন আত্মীয়ের বাসায়, রাতে লাশ হলেন ৩জন
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান চিন্ময় দাস। পরে মধ্যরাত তাদের লাশ পাওয়ার খবর আসে পুলিশের কাছে। পরে ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করেছে। পাশের একটি কক্ষে একা অবস্থান করছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া লাশগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comments