থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেলে ব্যাংককের কেন্দ্রস্থলে বিমানবন্দর রেল সংযোগ স্টেশনের কাছে এই দুর্ঘটনার পর বাস ও আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ধরে যায় বলে জানিয়েছে থাই সংবাদমাধ্যম।
এ ঘটনায় নিহতের সঠিক সংখ্যা বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করেনি থাই কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটেদুর্ঘটনাটি ঘটে। নিরাপত্তা ব্যারিয়ার নেমে আসার পর বাসটি রেললাইনের সংযোগস্থলে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এরপর পণ্যবাহী ট্রেনটি স্থির হয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং আশপাশের আরও কয়েকটি যানবাহনকে টেনে নিয়ে যায়। একপর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়। দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকর্মীরা আহত ২৫ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।
থাই সংবাদমাধ্যম খাওসোদ ইংলিশ জানিয়েছে, পণ্যবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলের চাচোয়েংসাও প্রদেশ থেকে ব্যাংককের ব্যাং সু জেলায় যাচ্ছিল। বাসটি রাজধানীর পূর্বাঞ্চলীয় উপশহর থেকে শহরের কেন্দ্র পর্যন্ত চলাচল করত। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল ঘিরে থাকা সড়কগুলোতে জরুরি সেবাকর্মী ও উৎসুক জনতার ভিড় জমেছে। পাশের রেল স্টেশন এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।
চেং বলেন, দুর্ঘটনাস্থলটি ব্যাংককের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি এলাকা। ঘটনাটির সময় সেখানে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের ব্যাপক উপস্থিতি ছিল।
Comments