২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম
সারা দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ল্যাব-নিশ্চিত হামে এবং বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আজ শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত এক দিনের পরিসংখ্যান এই প্রতিবেদনে তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সারা দেশে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচিসহ প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments