আওয়ামী সরকারের কারণেই জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
তৎকালীন আওয়ামী লীগ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণেই এ দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১৫ মে, ২০২৬) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
বাণীতে মির্জা ফখরুল বলেন, "জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত অগ্রাহ্য করেছিল। তারা ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখনও পর্যন্ত চালু থাকায় তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।"
ঐতিহাসিক লংমার্চের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে ভারত থেকে প্রবাহিত গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে লাখো জনতা ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল।
তিনি আরও বলেন, ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে এবং তীব্র প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। দূরদর্শী নেতা মাওলানা ভাসানী এই মানববিপর্যয়ের প্রতিবাদে জনগণকে সাথে নিয়ে ঐতিহাসিক মিছিলের মাধ্যমে বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে এনেছিলেন।
বর্তমান সময়েও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করা হচ্ছে। নদীর স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ফলস্বরূপ, বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই স্পষ্ট।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা ভাসানীর নেতৃত্বে রাজশাহীর সেই অকুতোভয় মিছিল আজও যেকোনো অধিকার আদায়ের সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করে। বাণীতে তিনি ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
Comments