পাকিস্তানে স্কাউট ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা: ৮ সেনাসদস্যসহ নিহত ৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক স্কাউট ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর জেলায় এই হামলার ঘটনা ঘটে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়: বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের স্কাউট ক্যাম্পের মূল গেটে প্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত সেনাসদস্যরা গাড়িটি থামানোর চেষ্টা করলে হামলাকারী গেটের সামনেই জোরালো বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পরপরই ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা ক্যাম্প লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ভেতরে থাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের দীর্ঘক্ষণ সম্মুখ যুদ্ধ চলে।
বিস্ফোরণের তীব্রতায় ক্যাম্পের মূল ফটক এবং চারপাশের দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থলেই ৮ সেনাসদস্য ও ১ বেসামরিক নাগরিক প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জঙ্গি তৎপরতার জন্য পরিচিত বাজাউর জেলায় হামলার পর পরই পুরো এলাকা কর্ডন বা অবরুদ্ধ করে ফেলে নিরাপত্তা বাহিনী। ক্যাম্পের ভেতরে তাৎক্ষণিকভাবে শুরু হয় বিশেষ উদ্ধার ও ক্লিয়ারেন্স অপারেশন।
পাল্টা গুলিবর্ষণে বেশ কয়েকজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে সূত্রের খবর, তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। এলাকাটি এখনো থমথমে রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Comments