লিচুর দাম নিয়ে বাগবিতণ্ডা: ক্রেতার আঘাতে প্রাণ হারালেন বৃদ্ধ বিক্রেতা
ফরিদপুরের সালথায় লিচুর দাম পরিশোধ করা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এক বৃদ্ধ বিক্রেতা নিহত হয়েছেন। নিহতের নাম আজিজুল মোল্লা (৬৫)। অভিযোগ উঠেছে, লিচু খাওয়ার পর টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অতর্কিত হামলায় তার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে। অভিযুক্তরা হলেন ওই এলাকার চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির দুই ছেলে শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ফুলবাড়িয়া বাজারে আজিজুল মোল্লা লিচু বিক্রি করছিলেন। এসময় অভিযুক্ত শাকিল ও তুষার লিচু খেয়ে দাম না দিয়েই চলে যেতে চাইলে বিক্রেতা তাদের বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে দুই ভাই আজিজুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর জখম অবস্থায় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামান্য লিচু খাওয়া ও দাম দেওয়া নিয়ে ঝগড়ার জেরে এই হামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Comments