চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প: ব্যয় ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকল্পটি বাস্তবায়নে মোট ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক বাস্তবায়নে খরচ হতে পারে ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। এর ফলে কৃষি, মৎস্য ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন আসবে এবং মৃতপ্রায় নদীগুলো প্রাণ ফিরে পাবে।
১৯৭৫ সালে ভারতে ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা ও এর শাখা নদীগুলোর পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে এবং হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া ও বড়াল নদী শুকিয়ে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব থেকে দেশকে বাঁচাতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ভূ-রাজনৈতিক বাস্তবতা ও ভারতের সাথে গঙ্গার পানিবণ্টন চুক্তি। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।
Comments