সুপ্রিম কোর্ট বার নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি) ভোটগ্রহন চলবে। নির্বাচনে মোট ভোটার: ১১ হাজার ৯৭ জন আইনজীবী। সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত উপকমিটি নির্বাচন পরিচালনা করছে।
নীল প্যানেল (বিএনপি সমর্থিত): এই প্যানেলে সভাপতি পদে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী। অন্যান্য পদে মাগফুর রহমান শেখ, মো. শাহজাহান (সহ-সভাপতি), মো. জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ) এবং সাতজন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবুজ প্যানেল (জামায়াতে ইসলামী সমর্থিত): সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার লড়ছেন। এই প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম এবং সাতজন সদস্য প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
লাল-সবুজ প্যানেল (এনসিপি সমর্থিত): এই প্যানেলে সভাপতি পদে কোনো প্রার্থী নেই। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফীসহ চারজন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র প্রার্থী: প্যানেলের বাইরে সভাপতি পদে ড. ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়াসহ বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
Comments