প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পে অংশীদারিত্ব জোরদার করা। সদস্য রাষ্ট্রগুলো উন্নয়ন ও সংকটে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর সমর্থন ও সহযোগিতার জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বৈঠকে তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার 'হেড অব মিশন' প্রতিনিধিদলেও অংশ নেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন।
Comments