প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবু সংখ্যালঘু নির্যাতন সইব না: ধর্মমন্ত্রী
দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা বা নির্যাতন বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, "সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জুলুম বা নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। এই অধিকার রক্ষায় আমি আপসহীন। প্রয়োজনে আমি আমার পদ ছেড়ে দেব, কিন্তু মানুষের ওপর অন্যায় হতে দেব না।"
প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে শ্রদ্ধার পাত্র। তবে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকার আরও নিশ্চিত হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে। তিনি জোর দিয়ে বলেন, "ভারতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তার রেশ ধরে বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।" মন্ত্রী উল্লেখ করেন যে, প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এই সংলাপে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীর এই অবস্থানকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
Comments