মালদ্বীপ প্রবাসী উদ্যোক্তা হাদিউল ইসলামের ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড অর্জন
ব্যবসায়িক সাফল্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল ব্র্যান্ডস–ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড–২০২৫"-এ সম্মানিত হয়েছেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী মোঃ হাদিউল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) রাজধানী ঢাকার অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। উদ্বোধক ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও রফিকুল আলম মজনুসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, নতুনধারা গ্রুপের এমডি ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের এমডি মো. রফিকুল আমীন এবং এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদসহ অনেকে।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সহ-সভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ এবং বিউটি শিল্পের অগ্রদূত আলী আহমেদকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
একই আয়োজনে অর্থনীতি, শিল্প, ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ প্রবাসী উদ্যোক্তা, এইচ আর ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাদিউল ইসলাম তাঁর বহুমুখী ব্যবসায়িক সাফল্য, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন।
এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Comments