পুশ-ইন রোধে সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে বিজেপি সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপটে সীমান্তে 'পুশ-ইন' বা অনুপ্রবেশের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর অনুপ্রবেশ বাড়তে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা গতকালই বিজিবিকে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। যদিও আমাদের ধারণা এমন কিছু ঘটবে না, তবুও যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তবে বিজিবি যেন তা মোকাবিলা (অ্যাড্রেস) করতে পারে।"
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা ঢালাও মামলাগুলো নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান: গত সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলোও এই যাচাই-বাছাইয়ের আওতায় থাকবে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে করা 'গায়েবি মামলা'গুলো প্রত্যাহারের বিষয়েও জেলা প্রশাসক সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জনভোগান্তি কমাতে বেশ কিছু কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কোনোভাবেই মহাসড়ক বা রেললাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্ত করার প্রয়োজনীয় মেশিন স্থাপন নিশ্চিত করা হবে। বড় হাটগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হবে এবং পুলিশ সদস্যরা 'বডি-ওয়ার্ন ক্যামেরা' ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালাবেন।
Comments