লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম জানাজা বুধবার (৬ মে) দুপুর ২টায় (স্থানীয় সময়) ফ্লোরিডার টাম্পায় জানাজা অনুষ্ঠিত হবে। ৭ মে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় লিমনের মরদেহের সন্ধান পায় পুলিশ। মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন অকাল ও নৃশংস মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Comments