তাসের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইরান, জমে উঠেছে ডিজিটাল যুদ্ধ
ভূ-রাজনীতির ময়দান এবার যেন আস্ত একটা 'উনো' তাসের খেলায় পরিণত হয়েছে! হোয়াইট হাউস এবং ইরান দূতাবাসের মধ্যে সমাজমাধ্যমে চলা এই বাকযুদ্ধ এখন নেটদুনিয়ার সবচেয়ে মুখরোচক আলোচনা। সচরাচর কূটনৈতিক টেবিলে যা হয় না, তা-ই এখন দেখা যাচ্ছে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সাপে-নেউলে সম্পর্ক এবার এক অদ্ভুত মোড় নিয়েছে। কোনো গম্ভীর বিবৃতি নয়, বরং জনপ্রিয় কার্ড গেম 'উনো' এবং ব্যঙ্গাত্মক র্যাপ গানের মাধ্যমে একে অপরকে খোঁচা দিচ্ছে দুই দেশ। এই ডিজিটাল লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সব কিছুর শুরু হয় হোয়াইট হাউসের একটি পোস্ট থেকে। সেখানে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে একগাদা উনো কার্ড, যার মধ্যে একটি প্রভাবশালী 'ওয়াইল্ড কার্ড'-ও রয়েছে। পোস্টের ক্যাপশনে সোজা জানানো হয়েছে, সব তাস এখন ট্রাম্পের হাতেই, অর্থাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমেরিকার।
ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তেহরানের পক্ষ থেকে এর জবাবে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে তাদের হাতে তাস কম থাকলেও রয়েছে মোক্ষম কিছু চাল। তাদের হাতে দেখা গেছে 'প্লাস ফোর' কার্ড এবং একটি 'স্কিপ' কার্ড। গেমের নিয়ম অনুযায়ী, এই কার্ডগুলো প্রতিপক্ষকে বড় বিপদে ফেলার ক্ষমতা রাখে। দুই দেশের এই উনো স্টাইলের লড়াই এখন সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
এদিকে, মালয়েশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস আরও এক ধাপ এগিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করে 'লিটল অরেঞ্জ ম্যান' (খুদে কমলা মানুষ) বলে সম্বোধন করেছে। তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, হরমুজ প্রণালী থেকে সোজা বেরিয়ে যাও, খুদে কমলা মানুষ!
এই বার্তার সাথে তারা একটি ভাইরাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে 'লিটল অরেঞ্জ ম্যান' নামের একটি র্যাপ গান। ভিডিওটিতে দেখা যায়, একটি পাখি সমুদ্রের ওপর দিয়ে উড়ে গিয়ে একজন জাহাজ ক্যাপ্টেনকে তেলের গুপ্তধনের মানচিত্র দিচ্ছে।
মজার বিষয় হলো, সেই ক্যাপ্টেনের চেহারা হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো। ট্রাম্প এবং অন্যান্য মার্কিন সেনাদের সেখানে জলদস্যুর পোশাকে দেখা যাচ্ছে, যারা একটি জাহাজে আনন্দ করতে করতে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করছে।
হরমুজ প্রণালী নিয়ে যখন বাস্তবে দুই দেশের সামরিক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে, তখন সমাজমাধ্যমের এই ব্যঙ্গাত্মক লড়াই সাধারণ মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে।
ট্রাম্পের 'অরেঞ্জ ম্যান' ইমেজ আর ইরানের 'প্লাস ফোর' তাসের চাল, সব মিলিয়ে এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে প্রত্যেকের স্মার্টফোনে। কূটনৈতিক লড়াই যে এতটা 'সসি' বা মশলাদার হতে পারে, তা বোধহয় আগে কেউ কল্পনা করেনি!
Comments