২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি
দীর্ঘ দুই দশক পর চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৬ মে তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সফর উপলক্ষে এরই মধ্যে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।
শনিবার বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবশেষ ২০০৪ সালে তারেক রহমান যখন চাঁদপুর এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। আর এবার তিনি আসছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। এটি চাঁদপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আবেগের বিষয়।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সম্ভাব্য বিভিন্ন ভেন্যু ও উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে খাল খনন প্রকল্প, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অন্যতম। এছাড়া রাজরাজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন বাসিন্দার মধ্যে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সফর শেষে চাঁদপুর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
আয়োজকরা আশা করছেন, চাঁদপুর স্টেডিয়ামের ওই জনসভায় জেলা ও আশপাশের জেলাগুলো থেকে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি সভা শুরু করেছি। শহরজুড়ে সুধী সমাবেশ ও বিশাল জনসভার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা এই সফরকে সফল করতে চাই।"
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Comments