সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপসহ হাসপাতালে যুবক
ফরিদপুরের সদরপুরে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন রিপন শিকদার (৩৫) নামের এক ব্যক্তি। বিষধর গোখরা সাপের দংশনের শিকার হয়েও দমে না গিয়ে, সেই সাপটিকে সাথে নিয়েই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হয়েছেন।
আক্রান্ত রিপন উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে রিপন নিজের দোকানে কাজ করছিলেন। এসময় দোকানের একটি বয়ামের ভেতরে হাত দিতেই সেখানে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তার হাতে কামড় দেয়। যন্ত্রণায় কাতর হলেও উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি সাপটিকে ধরে ফেলেন এবং আশপাশের মানুষের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন।
হাসপাতালের জরুরি বিভাগে যুবককে জ্যান্ত সাপসহ প্রবেশ করতে দেখে সেখানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় জমান।
হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, রিপনের অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় চিকিৎসকরা তাৎক্ষণিক তাকে 'অ্যান্টিভেনম' ইনজেকশন প্রদান করেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার বলেন, "সঠিক সময়ে হাসপাতালে আসায় বড় ঝুঁকি এড়ানো গেছে। রোগীর অবস্থা এখন উন্নতির দিকে, তবে বিষের প্রভাব পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগবে।"
দোকানের ভেতর সাপের এমন উপস্থিতির ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির আঙিনা বা ব্যবসা প্রতিষ্ঠানে সাপের উপদ্রব রোধে স্থানীয়দের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
Comments