যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না: নজরুল ইসলাম খান
আন্দোলনের সফলতা কেবল মাঠে নামার ওপর নির্ভর করে না, বরং সঠিক প্রস্তুতি ও উপযুক্ত সময়ে তা ঘোষণা করার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, "মে দিবসের প্রথম শিক্ষা হলো—যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না।"
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "আন্দোলনের জন্য আগে সুসংগঠিত হতে হয়। এরপর আন্দোলনের যথাযথ প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে ডাক দিলে তবেই বিজয় নিশ্চিত হয়। আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই ঐতিহাসিক মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন।"
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "মে দিবস শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিক এবং সারা বিশ্বের মেহনতি মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।"
পূর্বসূরিদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, "আজকের এই যে শ্রমবান্ধব পরিবেশ, তা যারা সৃষ্টি করে গেছেন তাদের আদর্শ ধারণ করতে হবে। আমরা যদি তাদের শ্রদ্ধা না জানাই, তবে ভবিষ্যৎ প্রজন্মও আমাদের মনে রাখবে না।"
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন এবং মে দিবসের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Comments