মেনন ও কামরুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানি শেষে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। তিনি উল্লেখ করেন, মামলার আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট উপাদান ও কারণ রয়েছে।
অভিযোগ গঠনের পর নিয়ম অনুযায়ী আসামিদের কাছে জানতে চাওয়া হয় তারা দোষ স্বীকার করেন কি না। এর জবাবে রাশেদ খান মেনন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। কামরুল ইসলাম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে 'মিথ্যা' বলে অভিহিত করেন এবং তিনিও ন্যায়বিচারের দাবি জানান।
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা এই দুই হাইপ্রোফাইল আসামিকে আজ কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম শুরু হলো।
Comments