ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের ধারে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর রেললাইনের পাশের একটি বাগান থেকে আইরিন আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
নিহত আইরিন বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রিকশাচালক বাকা মিয়ার সর্বকনিষ্ঠ সন্তান। সে স্থানীয় বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আইরিন নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাকে না পেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে কাফুরা এলাকায় রেললাইনের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাগানে শিশুটির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকরা লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments