শেয়ারবাজার লুটের সুযোগ বিএনপি আমলে আগেও ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী
বিএনপি সরকারের কোনো সময়েই শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না এবং বর্তমান মেয়াদেও সেই সুযোগ কাউকে দেওয়া হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় সংসদ অধিবেশনে 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬' পাসের প্রস্তাব উত্থাপনকালে তিনি এ কথা বলেন।
বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, "একটি দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হলো পুঁজিবাজার। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৯৬ ও ২০১০ সালে বাংলাদেশের শেয়ারবাজার ভয়াবহ পতনের শিকার হয়।"
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের উদ্ধৃতি দিয়ে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে শেয়ারবাজার থেকে সাধারণ মানুষের ১ লাখ কোটি টাকার বেশি লুট করা হয়েছে। এসব লুটেরাদের কখনোই বিচারের আওতায় আনা হয়নি। তিনি বিএসইসি-তে দক্ষ জনবল নিয়োগ এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের সময়ে লুটপাটের কোনো সুযোগ থাকবে না।"
তিনি আরও উল্লেখ করেন, যেহেতু বিশেষ কমিটি বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছে, তাই নতুন করে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই। পরে কণ্ঠভোটে রুমিন ফারহানার প্রস্তাবটি নাকচ হয়ে যায় এবং বিলটি পাসের প্রক্রিয়া এগিয়ে যায়।
অর্থমন্ত্রী আশ্বাস দেন যে, নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
Comments