অধিবেশনে হঠাৎ অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার পর অধিবেশন চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অধিবেশন কক্ষে তিনি অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে লবিতে নিয়ে যান। সেখানে নিয়োজিত চিকিৎসকরা তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জোহরের নামাজের বিরতির সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি এমপির সঙ্গে কথা বলেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে প্রধানমন্ত্রীর এমন মানবিক আচরণ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
Comments