সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি রুমিন ফারহানার
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বর্তমান বাণিজ্য চুক্তিকে 'দেশের স্বার্থবিরোধী' দাবি করে তা বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
পয়েন্ট অব অর্ডারে রুমিন ফারহানা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি স্বাক্ষর করে। তিনি উল্লেখ করেন, সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কগুলো তখন এই চুক্তির বিরোধিতা করে বলেছিল, একটি অনির্বাচিত সরকার এ ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে না। এই চুক্তিতে এমন কিছু শর্ত (ক্লজ) রয়েছে যা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি পূরণের অজুহাতে এই চুক্তি করা হলেও এতে বাংলাদেশের চেয়ে মার্কিন স্বার্থ বেশি সংরক্ষিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং নীতি সংস্কারের যে বিষয়গুলো উঠে এসেছে, তা মূলত এই চুক্তিরই প্রতিফলন। বর্তমান নির্বাচিত সরকারের উচিত এই চুক্তিটি অবিলম্বে সংসদে উত্থাপন করা এবং প্রয়োজনে তা বাতিল করা।
রুমিন ফারহানার এই বক্তব্য চলাকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। তিনি জানান, এটি পয়েন্ট অব অর্ডারের আওতার মধ্যে পড়ে না।
স্পিকার বলেন: "৩০১ বিধি অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার হতে হয় সংসদের চলমান বিষয়ের ওপরে কিংবা সংসদীয় শৃঙ্খলা রক্ষার জন্য। আপনি একটি সম্পূর্ণ নতুন ও নীতিগত প্রশ্ন উত্থাপন করেছেন।"
স্পিকার তাকে বিষয়টি নিয়ে বিধি অনুযায়ী সুনির্দিষ্ট নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং জানান যে, নোটিশ দিলে তা বিবেচনা করে দেখা হবে।
Comments