দেশে পেপ্যাল আসছে ও ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা
ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি 'পেপ্যাল' বাংলাদেশে চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং কয়েক হাজার তরুণকে উচ্চতর প্রশিক্ষণের আওতায় আনার মহাপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হাই-টেক ও সফটওয়্যার পার্কগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল (Paypal) এর কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর ফলে ফ্রিল্যান্সারদের অর্থ লেনদেনের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিভিন্ন সংস্থার মাধ্যমে গৃহীত উদ্যোগসমূহ নিচে তুলে ধরা হলো:
আইসিটি অধিদপ্তরের মাধ্যমে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় আইডি কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে ৭,৫০০ জনকে এই কার্ড দেওয়া হয়েছে। এছাড়া ১,০০০ নতুন ফ্রিল্যান্সার তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তার জবাবে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পথ প্রশস্ত করা। পেপ্যাল চালু এবং ২ লাখ ফ্রিল্যান্সারকে আইনি ও সামাজিক স্বীকৃতি (আইডি কার্ড) প্রদান এই খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
Comments