দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়তে স্কাউটিংকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান
দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিং আন্দোলনকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস-এর শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকার চলাকালীন প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন: "ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। আমি চাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠিত হোক এবং আমাদের তরুণরা সেবামূলক কাজে আরও বেশি উৎসাহিত হোক।"
বৈঠকে স্কাউটিং কার্যক্রমের আধুনিকায়ন এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ এই সভায় বাংলাদেশ স্কাউটস-এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
Comments