অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য ও ভুল তথ্যের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে একটি কার্যকর 'রোডম্যাপ' তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপপ্রচারের ঝুঁকিও বেড়েছে। তথ্যের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউনেস্কোর বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানো প্রয়োজন। তিনি বিশেষ করে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় একটি টেকসই ও কার্যকর রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন।
ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা তুলে ধরে তিনি জানান, বর্তমানে সংস্থাটি 'ফ্যাক্টচেকিং' বা তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের আধুনিকায়ন ও সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনেস্কোর যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
Comments