বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি, থাকছে ছুটি
দীর্ঘ ১৬ বছর পর আবারও রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'। প্রতিবছর ৭ নভেম্বর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকার এটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর তালিকার 'ক' শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে এদিন সারা দেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করা হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয়ভাবে পালিত দিবসগুলোর মধ্যে ৭ নভেম্বরকে সর্বোচ্চ গুরুত্বের তালিকায় (ক-শ্রেণি) স্থান দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারির মাধ্যমে পূর্বের তালিকায় এই সংশোধন এনেছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, বিগত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। বর্তমান সরকার দিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে পুনরায় তা পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সচিব বলেন, "এখন থেকে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।"
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, ৭ নভেম্বরের পাশাপাশি ৬ জুলাই তারিখটিকে 'পল্লী উন্নয়ন দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে দিবসটি জাতীয়ভাবে পালিত হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।
Comments