বর্তমান সরকার এ পর্যন্ত ৯০.৬৬ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক ঋণদাতাদের মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণের চিত্র তুলে ধরেন। তিনি জানান: গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার।
বৈদেশিক ঋণ পরিশোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন: সরকারের পক্ষ থেকে সকল বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছরের শুরুতেই ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দের মাধ্যমে সারাবছর নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।
অর্থমন্ত্রী সংসদকে আশ্বস্ত করেন যে, সরকার তার বৈদেশিক দায়বদ্ধতা পূরণে অত্যন্ত সচেতন এবং নিয়মমাফিক কিস্তি পরিশোধের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঋণমান বজায় রাখতে সক্ষম হচ্ছে।
Comments