ইসরায়েলি বাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত
ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের 'সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী' হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি সৈন্যদের অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আলবানিজ দাবি করেছেন যে—ইসরায়েলি বাহিনী সব ধরণের মানবিক সীমারেখা অতিক্রম করেছে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ঘটাচ্ছে।
নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় আলবানিজ লিখেছেন: "আমি যথেষ্ট দেখেছি। এখন আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েই বলছি যে, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।"
তার এই মন্তব্য এমন এক সময়ে এল যখন গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক চলছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে 'জাতিগত নিধন' (Genocide) চালানোর অভিযোগ এনে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই ফ্রানচেসকা আলবানিজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ইসরায়েল সমর্থিত বিভিন্ন পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, তাঁর জীবন এখন চরম হুমকির মুখে এবং তিনি প্রতিনিয়ত বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রতিবেদন প্রকাশের পর থেকে যে পরিমাণ হুমকি ও চাপের মুখোমুখি হচ্ছেন, তাকে তিনি একটি 'রোলার কোস্টার রাইডের' সাথে তুলনা করেছেন।
জাতিসংঘের এই বিশেষ দূত দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় সোচ্চার। তবে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁর ওপর আন্তর্জাতিক চাপ ও ব্যক্তিগত আক্রমণের মাত্রা বহুগুণ বেড়ে গেছে। আলবানিজ স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো ধরণের হুমকি বা চাপ তাঁকে সত্য বলা থেকে বিচ্যুত করতে পারবে না।
Comments