হামের টিকা না আনায় পূর্ববর্তী সরকারের সমালোচনায় প্রধানমন্ত্রী
পূর্ববর্তী স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির কারণে শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা সরবরাহ ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, যথাসময়ে টিকা না আনায় অনেক শিশুর প্রাণহানি ঘটেছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বগুড়া সফর। আজ সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন: "বিগত সময়ে কিছু মানুষের চরম অবহেলার কারণে টিকাদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এই অব্যবস্থাপনার চড়া মূল্য দিতে হয়েছে দেশের শিশুদের।"
তিনি বর্তমান সরকারের পক্ষ থেকে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে সরকারকে অনেক বেশি দামে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। উচ্চমূল্যে জ্বালানি ক্রয়ের ফলে দেশের অর্থনীতিতে যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার কাজ করছে।
বক্তব্য শেষে তিনি শিশুদের টিকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন।
Comments